স্টাফ রিপোর্টার :
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসনের আয়োজনে সরিষাবাড়ীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিন দিনব্যাপী চারু ও কারুশিল্প ও উৎপাদিত শিল্পপণ্যের বর্ণিল মেলার আয়োজন করা হয়।এতে ২১ টি স্টল বসানো হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ মাঠ, সরিষাবাড়ী কলেজ মাঠ, উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সরিষাবাড়ী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালামী গ্রহণ এবং প্যারেডের পরিদর্শন করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. তাসনিমুজ্জামান এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া।
পরে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয় দিবস উপলক্ষে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও পৃথক কর্মসূচি পালন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য অ্যাডভোকেট আব্দুল আউয়ালের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শহীদদের প্রতি মোনাজাত ও একটি শোভাযাত্রা বের করেন। এছাড়া জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) থেকে মনোনীত এমপি প্রার্থী ডা. মোশাররফ হোসেন বাউসি পপুলার পিংনা বারই পটল শহীদ নগর স্মৃতিসৌধে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে বিএনপির নেত্রী সালিমা তালুকদার আরুণীর সমর্থকরা একটি শোভাযাত্রা সহকারে মুক্তিযোদ্ধা সংসদে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি সরিষাবাড়ী প্রেস ক্লাব, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব ও সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন উপজেলা প্রশাসনের সঙ্গে একাত্ম হয়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।
দিনব্যাপী এসব কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সরিষাবাড়ীতে মহান বিজয় দিবস এক উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়।